শিক্ষার্থীদের টিকার নিবন্ধন ইউজিসির ওয়েবসাইটে

১৬ সেপ্টেম্বর, ২০২১ ২১:৩৩  
বিশ্ববিদ্যালয়ের সব শিক্ষার্থীদের কোভিড-১৯ টিকার আওতায় আনতে ওয়েব লিংক চালু করেছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন-ইউজিসি। বৃহস্পতিবার চালু করা এই লিংকের মাধ্যমে শিক্ষার্থীরা টিকার জন্য নিবন্ধন করতে পারবে। করোনাভাইরাসের সংক্রমণের কারণে দেড় বছর বন্ধ থাকার পর গত রোববার স্কুল-কলেজ খুলে দিয়েছে সরকার। শিক্ষা মন্ত্রণালয়ের সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ২৭ সেপ্টেম্বরের মধ্যে সব শিক্ষার্থীদের টিকার নিবন্ধন শেষ হলে একাডেমিক কাউন্সিল ও সিন্ডিকেটের অনুমোদন নিয়ে বিশ্ববিদ্যালয়গুলো খুলে দেওয়া যাবে। শিক্ষার্থীদের পাশাপাশি কর্মকর্তা-কর্মচারীদের টিকার আওতায় নিয়ে আসার পরিকল্পনা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন ইউজিসির সদস্য অধ্যাপক সাজ্জাদ হোসেন। ইউজিসি এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, যেসব শিক্ষার্থীর জাতীয় পরিচয়পত্র নেই, তারা জন্ম নিবন্ধন সনদের মাধ্যমে নতুন চালু করা এই লিংক ব্যবহার করে নিবন্ধন করতে পারবে। এতে যাদের জন্ম নিবন্ধন সনদ নেই, তাদের দ্রুত জন্ম নিবন্ধন সনদ সংগ্রহ করতে বলেছে ইউজিসি। এক্ষেত্রে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অগ্রাধিকার ভিত্তিতে শিক্ষার্থীদের জন্মনিবন্ধন সনদ প্রদান করতে অনুরোধ জানিয়েছে ইউজিসি। এছাড়া যেসব শিক্ষার্থীর জাতীয় পরিচয়পত্র আছে তারাও এই লিংক ব্যবহার করে সুরক্ষা এ্যাপের সাথে সংযুক্ত হয়ে নিবন্ধন করতে পারবে। আগামী ২৭ সেপ্টেম্বরের মধ্যে নিবন্ধন সম্পন্ন করতে হবে শিক্ষার্থীদের। অধ্যাপক সাজ্জাদ বলেন, “এই ওয়েব লিংকের মাধ্যমে টিকা গ্রহণকারী ও নিবন্ধনকারী শিক্ষার্থীর সঠিক সংখ্যা জানা যাবে।” শিক্ষার্থীদের টিকার নিবন্ধনের তথ্য পাওয়ার পর ইউজিসি স্বাস্থ্য বিভাগকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে অনুরোধ করবে বলে জানান তিনি।